
ফাতেহ ডেস্ক
আজ শনিবার সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে ফখরুল হাওলাদার (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফখরুল হাওলাদার মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। আজ বেলা ১১টার দিকে বাড়ির অদূরে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, আজ বেলা ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ৮-১০ জন বখাটে তরুণ ধারালো অস্ত্র নিয়ে ফখরুল হাওলাদারের ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বাঘাবাড়ি মসজিদের সামনের সড়কে ফেলে যান দুর্বৃত্তরা।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান আজ বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত আওয়ামী লীগ নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, স্থানীয় তরুণদের দুটি পক্ষের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
