
ফাতেহ ডেস্ক
ভাড়া বাড়িতে কার্যক্রম চালানো স্কুল, কলেজ, মাদরাসার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিজস্ব জমি না থাকলে নতুন কোনো প্রতিষ্ঠানের অনুমোদনও দেয়া হবে না। শিক্ষার্থীরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকে নজর রেখে ব্যবস্থা নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের।
রাজধানীর ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ২০০৩ সাল থেকে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি অনুমোদন পায় ২০১১ সালে। এর কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। সেখানে একই সাথে কিন্ডারগার্ডেন, কোচিং সেন্টারও পরিচালনা করা হচ্ছে।
একইভাবে ৫ হাজারের উপরে শিক্ষাপ্রতিষ্ঠান এভাবে ভাড়া বাড়িতে কার্যক্রম চালাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব প্রতিষ্ঠানের নিবন্ধন আর নবায়ন হবে না।
আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক জিয়াউল হক বলেন, ভাড়া বাড়িতে ঘিঞ্জি পরিবেশে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এদের নিবন্ধন আর নবায়ন করব না। নতুন কোন প্রতিষ্ঠানও নিজস্ব জমি ছাড়া অনুমোদন দিব না।
প্রতিষ্ঠানগুলো বলছে জমি সংক্রান্ত জটিলতার কারণে স্থায়ী ক্যাম্পাস করতে পারছে না তারা।
ইসলামবাগ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এ বি এম শহীদুল্লাহ বলেন, এই মুহুর্ত্বে নিবন্ধন বাতিল করলে আমাদের আর উপায় থাকবে না। জমি পাওয়াটাও ঢাকা শহরে কঠিন। আর কিছুদিন সময় আমরা চাচ্ছি।
নিয়ম অনুযায়ী, ভাড়া বাড়িতে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার কথা না। অভিযোগ আছে অনেক প্রতিষ্ঠানই ভুয়া দলিল দেখিয়ে কার্যক্রম চালাচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, একদিকে যেমন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই সাথে শিক্ষার্থীরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকেও নজর রাখতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া বাড়িতে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার মধ্যে আনতে হবে।
শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার আহ্বান সংশ্লিষ্টদের।
