
ফাতেহ ডেস্ক
আগামী ২২ জুন (শনিবার) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সম্মিলিতি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর শীর্ষ নেতৃত্ব। রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাইআর দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান।
বৈঠকে গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে আলোচনা হবে। ১. গত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফলের তারিখ নির্ধারণ, ২. মেশকাত ও অন্যান্য জামাতের পরীক্ষায় উত্তীর্ণদের ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পদ্ধতি সনাক্তকরণ, ৩. প্রশ্নফাঁস ইস্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, ৪. ১৪৪১ হিজরি অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা বিষয়ক করণীয় নির্ধারণ।
মাওলানা অসিউর রহমান জানান, শনিবারের বৈঠকের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে হাইআর সকল সদস্যদের চিঠি প্রেরণ করা হয়েছে।
