মুরসির জানাজায় কেবল ভাই, পুত্র আর দুই আইনজীবীকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের ক্ষমতাচ্যুত বৈধ প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির নামাজে জানাজা ও দাফন কাজে মিশরের স্বৈরশাসন জনসাধারণকে অংশগ্রহণ করতে দেয়নি। আজ মঙ্গলবার ভোরে কেবল তাঁর ভাই, পুত্র ও দুই আইনজীবীর মাধ্যমে জানাজা ও দাফনের কাজ সারিয়েছে পাষণ্ড এই জান্তা সরকার।

কায়রোর নাসর সিটিতে মিশরের আপোষহীন এই মহান নেতাকে অনেকটা গোপনেই সমাহিত করা হয়।

তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, যেন তাঁকে শারকিয়ায় তার জন্মস্থানে দাফন করা হয়। কিন্তু তাঁদের সে অনুরোধ রক্ষা করা হয়নি।

উল্লেখ্য, পাঁচ বছরেরও অধিক কাল সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে নিঃসঙ্গ বাসের পর গতকাল আদালতে বিচার চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মিশরে প্রথম বারের মতো জনগণের ভোটে নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি।

২০১১ সালের আরব বসন্তে হোসনি মোবারকের দীর্ঘ ৩০ বছরের স্বৈরশাসনের অবসানের পর ২০১২ সালে গণতান্ত্রিকভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরের বছরই, ২০১৩ সালে তাঁকে মিশরের সেনাবাহিনী জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে বন্দীত্ব বরণে বাধ্য করে। নিষিদ্ধ ঘোষণা করা হয় তাঁর দল ইখওয়ানুল মুসলিমিনকে। তারপর থেকেই তিনি কারাগারে বন্দী আছেন। সয়ে গেছেন সিসি সরকারের নানা মাত্রিক নির্যাতন। দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে গতকাল চির বিদায় জানালেন জুলুমের অভয়ারণ্য এই পৃথিবীকে।

সূত্র : আল-জাজিরা

আগের সংবাদমিশরের সাবেক প্রেসিডেন্ট কারারুদ্ধ মুরসির ইন্তেকাল
পরবর্তি সংবাদমুরসির ইন্তেকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক