
ফাতেহ ডেস্ক
পিএসসি থেকে এইচএসসি ও সমমানের সকল পাবলিক পরীক্ষার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম আসছে। শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না, এমন নিয়মও করা হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে জেএসসি পরীক্ষা সম্পন্ন করতে ১৫ দিন সময় লাগে। নতুন সিদ্ধান্তে তা পাঁচদিন কমিয়ে ১০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে সময় লাগে ২৮ থেকে ৩০ দিন। নতুন সিদ্ধান্তে তা ১০ দিন কমিয়ে ২০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে।
এছাড়াও এইচএসসি পরীক্ষা শেষ করতে ৪৫ দিন সময় চলে যায়। এ সময়সূচি ১৫ দিন কমিয়ে ৩০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে কিংবা সরকারি ছুটিতে এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘বিষয়টি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই সকল পাবলিক পরীক্ষা সম্পন্নের সময় কমিয়ে আনা হয়েছে।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পাবলিক পরীক্ষাগুলোর সময় বিভিন্ন কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। ১০ থেকে ১৫ দিন সময় কমিয়ে আনায় ওইসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না। ফলে পরীক্ষার্থী ছাড়া সাধারণ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
