দেশে ফিরতে চান ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি

ফাতেহ ডেস্ক

প্রায় দুই সপ্তাহ ভূমধ্যসাগরে পণ্যবাহী জাহাজে আটকে থাকার পর দেশে ফিরতে রাজি হয়েছেন অবৈধভাবে ইউরোপ যাত্রা করা ৬৪ বাংলাদেশি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা কথা বলে তাদের দেশে ফিরতে রাজি করিয়েছেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিউনিশিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে গত ৩১ মে ভূমধ্যসাগরে জাহাজটি আটকে দেয় মিসরের নৌবাহিনী। এরপর তিউনিশিয়াও জাহাজটিকে নিজেদের জলসীমায় ফেরার অনুমতি দেয়নি। ফলে বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীর সঙ্গে ৬৪ বাংলাদেশিও জাহাজে আটকে পড়েন। তবে এই বাংলাদেশিরা দেশে ফিরতে রাজি হচ্ছিলেন না। তাদের সঙ্গে রোববার জাহাজে গিয়ে আলোচনা করেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আই/ও/এম-এর সহযোগিতায় ৬৪ বাংলাদেশিকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৯ বাংলাদেশির মৃত্যু হয়। জীবিত উদ্ধার আরও ১৬ জনকে পরে ফিরিয়ে আনে সরকার।

আগের সংবাদএকনেকে ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্পের অনুমোদন
পরবর্তি সংবাদরুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা