
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়, এর আগেও নানা মহল থেকে তাঁর ব্যাপারে এমন অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তালিকায় নতুনভাবে যুক্ত হলো আরও এক নারীর নাম। এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ই জিন ক্যারল নামে নিউইয়র্কের এক লেখিকা।
নিজের লেখা একটি বইয়ে ক্যারলের দাবি, প্রায় দু’দশক আগে একটি শপিং মলের ড্রেসিং রুমে তার শ্লীলতাহানি করেন ট্রাম্প। ওই বই প্রকাশের পর একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে ফের সেই কাহিনির বর্ণনা দিয়েছেন তিনি। যদিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে ক্যারলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাজারে নিজের বইয়ের চাহিদা বাড়ানোর জন্যই ওই মহিলা মিথ্যে কাহিনি রটাচ্ছেন বলেও দাবি ট্রাম্পের।
মূলত মহিলাদের স্বার্থরক্ষায় এবং নারী অধিকার নিয়ে মার্কিন পত্র-পত্রিকায় লেখালেখির জন্য জনপ্রিয় ক্যারল। বর্তমানে ৭৫ বছর বয়সী ক্যারলের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। তাতে ওই ঘটনার উল্লেখ করার পরই শোরগোল পড়ে গিয়েছে যুক্তরাষ্ট্রজুড়ে। এর পর ওয়াশিংটন পোস্টে একটি সাক্ষাৎকারে বিষয়টি ফের উল্লেখ করেছেন ক্যারল।
