টঙ্গীতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

ফাতেহ ডেস্ক

টঙ্গীর চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. ইমরান খানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল শুক্রবার (২১ জুন) রাতে র‌্যাব-১-এর বিশেষ অভিযানে টঙ্গী কলেজ গেট এলাকা তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‌্যাব-১ অভিযান চালিয়ে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে ধর্ষক মো. ইমরান খানকে গ্রেফতার করে।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, গত ১১ জুন টঙ্গীর ব্যাংক পাড়ার বাসায় ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে ইমরান। এ সময় ওই নারী বাধা দেওয়ায় তাকে মারধরও করে ইমরান।

ধর্ষণের পর, ঘটনার কথা কাউকে জানালে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার স্বামী ও এলাকাবাসীকে জানালে ধর্ষক ইমরানের পরিবার বিষয়টি মীমাংসা করতে প্রবাব খাটাতে শুরু করে।

এ সময় তিনি আরও বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষকের পরিবার ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিল। কিন্তু বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে ধর্ষক ইমরান গ্রেফতার এড়াতে কৌশলে পালিয়ে যায়।

আগের সংবাদ১৪৪ ধারা ভঙ্গ, ২ কর্মীর মরদেহ নিয়ে বিজেপির মিছিল
পরবর্তি সংবাদবিহারিদের অনিশ্চিত জীবন