
আন্তর্জাতিক ডেস্ক
সদ্যপ্রয়াত মুসলিম নেতা এবং মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির গ্রামের বাড়ি আল-আদওয়াহ এলাকায় অভিযানের নামে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকার বহু স্থানীয় বাসিন্দাকে আটক করেছে মিশরীয় সেনাবাহিনী। বর্তমানে ওই এলাকাটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। খবর আল-জাজিরার।
মুরসির মৃত্যুকে কেন্দ্র করে তার গ্রামের লোকজন যাতে সরকার বিরোধী বিক্ষোভ করতে না পারে সেজন্য মিসরের সেনাবাহিনী এ ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুরসি গত সোমবার দেশটির একটি আদালতের এজলাসে শুনানির সময় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে মারা যান। তার মৃত্যুর পর মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে জরুরি অবস্থা জারি করে।
২০১৩ সালে মিসরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দি করেন। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুরসি কারাগারে বন্দী ছিলেন।
