
ফাতেহ ডেস্ক:স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকেই সড়ক ও রেল পথে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ট্রেনের সময়সূচিতে খানিকটা দেরি হলেও সময়মতো ছেড়ে যাচ্ছে বাস।
কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত যে ১৬টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে তার প্রায় সবগুলোই অন্তত আধাঘন্টা দেরিতে ছেড়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট সময়ে খুলনা থেকে এসে না পৌঁছায় কেবল খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস একঘন্টা পরে ছেড়ে যায়। আজ সারাদিনে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ৫৯টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এছাড়াও ১৫ জুন পর্যন্ত চট্টগ্রাম, লালমনিরহাটসহ দেশের পাঁচটি রুটে প্রতিদিন বিশেষ দশটি ট্রেন রাজধানী থেকে ছেড়ে যাবে।
স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় রেলপুলিশসহ অন্যান্য আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা তৎপর আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
অন্যদিকে রাজধানীর টার্মিনালগুলোতেও সকাল থেকেই ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে।
