
ফাতেহ ডেস্ক:ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্য ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাত্রী হয়রানিমূলক কোনো আচরণ বরদাশত করা হবে না। টার্মিনাল থেকে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পর গাড়ি বের করতে দেয়া হবে। টার্মিনালে হলুদ রেখা দেয়া হয়েছে। গাড়ি হলুদ রেখা অতিক্রম করলেই তাকে অবশ্যই টার্মিনাল ছাড়তে হবে। ঢাকা শহরের প্রবেশ ও বাহিরপথ যানজটমুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামতে দেয়া হবে না।
পরিবহন শ্রমিকদের উদ্দেশে কমিশনার বলেন, আপনারা মাদক খাবেন না। নেশাগ্রস্ত হয়ে নিজের সঙ্গে যাত্রীদেরও বিপদে ফেলবেন না। জঙ্গির পর মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। যতদিন ঢাকা মহানগরে মাদক থাকবে তত দিন আমাদের অভিযান চলবে।
ঈদে ঢাকা মহানগরীতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদে নগরীর ফাঁকা বাসাবাড়ি, অফিস, শপিংমল সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। যেসব নিরাপত্তাকর্মী আছে তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের প্রতিটি জামাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। অপরাধ করে কেউ যেন গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালাতে না পারে সেজন্য শহরের বিভিন্ন সড়কে জিগজ্যাগ করে দেয়া হবে। নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, যুগ্ম কমিশনার (ট্রাফিক-উত্তর) মোসলেহ উদ্দিন আহমদ, যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক সহিদুল্লাহ (সদু)।
