নারীদের নিয়ে কৌতুক : ক্ষমা চাইলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক

নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। মঙ্গলবার এক বিবৃতিতে তার কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ক্ষমাপ্রার্থনা করা হয়। খবর এনডিটিভির।

গত মাসে ৮৪ বছরে পা দিয়েছেন দালাই লামা। জন্মদিনের প্রাক্কালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের উত্তরসূরি হিসেবে কোনো নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী দালাই লামা আসেন তা হলে তাকে আরও আকর্ষণীয় হতে হবে।

নারী বিষয়ে দালাই লামার এমন মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়। মঙ্গলবার তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নারীদের নিয়ে ওই মন্তব্য কৌতুক করে করেছিলেন দালাই লামা। তাতে কেউ কেউ মর্মাহত হয়েছে। এ কারণে তিনি গভীর অনুতপ্ত ও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।

ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা বিবিসির ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের তিব্বতে ফেরার স্বপ্ন এবং শরণার্থী ইস্যুতে মতামত দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নৈতিক নীতির অভাব’ এবং তার আবেগকে ‘জটিল’ আবেগ বলে তিব্বতের আধ্যাত্মিক নেতা যে মন্তব্য করেছেন, সে জন্য কোনো ক্ষমাপ্রার্থনা করেননি তিনি।

আরএইচ/

আগের সংবাদটেকসই বিশ্ব গড়তে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
পরবর্তি সংবাদআরএসএসের টার্গেট এবার তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের মুসলিম