
আন্তর্জাতিক ডেস্ক
তেলেঙ্গানা রাজ্যে নিজেদের উপস্থিতি সুসংহত করতে যখন চেষ্টা করছে বিজেপি, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (এমআরএম) প্রথম রাজ্যজুড়ে জেলা পর্যায়ে ইউনিট চালু করেছে। প্রায় ৪ বছর আগে মাত্র দু’জন সদস্য নিয়ে হায়দারাবাদে প্রথম অফিস খুলেছিল এমআরএম। কিন্তু তারা বলছে, এখন হায়দরাবাদে তাদের সদস্য সংখ্যা প্রায় ৩০০০। এ বছরের শেষ নাগাদ তারা রাজ্যজুড়ে সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করার টার্গেট নির্ধারণ করেছে। আগামী মাসে অন্ধ্র প্রদেশে তাদের অফিস খোলার কথা রয়েছে। খবর অনলাইন টাইমস অব ইন্ডিয়ার।
মিশন ২০২৪ প্রকাশ করে আরএসএস দুটি তেলুগু রাজ্যে মুসলিমদের সঙ্গে সম্পৃক্ত হতে ধারাবাহিক কিছু কর্মসুচি হাতে নিয়েছে। যদিও আরএসএস তার মুসলিম বিষয়ক শাখা এমআরএম-এর মাধ্যমে উত্তর ভারতের মুসলিমদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। তবে এবারই প্রথম তারা দুটি তেলুগু রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের দিকে মনোযোগ দিয়েছে। তেলাঙ্গনা ও অন্ধ্র প্রদেশের জন্য এমআরএমের প্রধান কার্যালয় হলো হায়দরাবাদের আফজালগঞ্জে। তাদের কর্মকাণ্ডের মূল এলাকা হলো হায়দরাবাদ লোকসভা আসনে। এ আসনে তিন দশক ধরে লোকসভার প্রতিনিধিত্ব করছেন এআইএমআইএমের আসাদুদ্দিন ওয়েইসি।
রোববার সেখানকার ওল্ড সিটিতে সভা করেছে এমআরএম। এতে আরএসএসের সিনিয়র নেতা ও এমআরএম-এর পৃষ্ঠপোষক ইন্দ্রেশ কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হয়েছিলেন মাওলানা শেখ মঈনুদ্দিন শাহ কাদরি সহ মুসলিমদের অনেক পণ্ডিতজন। কিন্তু এমন সভা নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন। স্থানীয় মুসলিমরা এর সমালোচনা করেছেন। তবে এমআরএমের রাজ্য আহ্বায়ক এমএ সাত্তার বলেছেন, ওই বৈঠকে ভাই সাহেব (ইন্দ্রেশ কুমার)-এর বক্তব্য ছিল অসাধারণ। এতে সাড়া পড়েছে অপ্রত্যাশিত। এতে উপস্থিত ছিলেন নাগপুরের আরএসএস নেতা বিরাগ পাচপোরে।
আরএইচ/
