
বশির ইবনে জাফর
চারদিকে চলছে ঈদের কেনাকাটা । মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। জামা জুতোর পাশাপাশি শেষ মূহুর্তে বেড়েছে আতর তাসবিহ জায়নামাজ ও টুপি কেনার ধুম। যেন ঈদের পূর্ণাঙ্গ প্রস্তুতিকে নিখুত করার অক্লান্ত প্রয়াস। পুরো রমজানে মাস জুড়ে মানুষের এবাদতের পরিধি থাকে বেশি। ফলশ্রুতিতে ধর্মীয় বই পুস্তকের বিক্রি পুরো রমজানব্যাপীই ছিলো চোখে পড়ার মতো। রমজানে ধর্মীয় বইয়ের এ পাঠক বৃদ্ধির বিষয়ে ফাতেহ টুয়েন্টিফোরে গত ১২ জুন ময়মনসিংহ বিভাগীয় শহরের বিভিন্ন লাইব্রেরী ঘুরে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।আজ রাজধানী ঢাকার বাইতুল মোকাররমে টুপির মার্কেট ঘুরে জানা গেলো আতর তাসবিহ আর টুপি জায়নামাজের খবর এবং ব্যবসায়ীদের কথা।
বাইতুল মুকাররমের দক্ষিন গেটেই চোখে পড়ে ব্যবসায়িদের টুপি সহ আতর তাসবিহ জায়নামাজ সাজিয়ে রাখার পসরা। নানান ধরণের টুপি। একেক টুপির একেক ডিজাইন। কোনটা রঙিন, কোনটা সাদা আবার কোনটা বা কালো। তবে সব ধরনের টুপির মধ্যেই সাদা রঙের প্রাধান্যটাই বেশি। আছে নতুনত্বের ছোঁয়াও। বাহারি রঙের কাপড় ও সুতা ব্যবহার হয়েছে এসব টুপিতে। কোনোটা হাতে নকশা করা, কোনোটা প্রিন্ট করা, কোনোটা আবার একেবারে সাদামাটা নেই কোনই ডিজাইন। তবে সব টুপিরই আছে বিভিন্ন নাম। পাকিস্তানের পাথরি, কাটা, সিন্ধি, হাজি রোমিথ ইত্যাদি। তবে ক্রেতাদের পছন্দের শীর্ষে আছে আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান ও চীনের বিভিন্ন টুপি।
এসব টুপি পাওয়া যায় ২শ’ থেকে দুই হাজার টাকার মধ্যে। তবে টুপির বাজার ঘুরে দেখা দেখা গেছে, ক্রেতাদের মধ্যে গোল ও কিস্তি টুপির চাহিদাই সব থেকে বেশি। ভেতরের মার্কেটে টুপির দাম বেশি হলেও ফুটপাতের সাধারণ টুপির দাম আছে সবার নাগালে। এগুলোর দাম ১০ থেকে ১৫০ টাকা। এছাড়া বিভিন্ন ডিজাইনের বাহারি রঙের টুপি পাওয়া যাচ্ছে ২শ’ থেকে ৫শ’ টাকায়। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের একজন টুপি বিক্রেতা জানান, টুপির চাহিদা সবচেয়ে বেশি ঈদের আগ মূহুর্তের এ ক’দিন সময়ে। তবে রোজার প্রথম দিকেও বিক্রি বেশ ভালোই হয়েছে। ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে তাদের পছন্দমতো বাহারি টুপিগুলোই এবার রাখা হয়েছে দোকানে।
রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বেশিরভাগ সময়ই ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন মুসুল্লিরা। সে সুবাদেই চাহিদা বাড়ে নতুন টুপি, আতর, সুরমা, তসবিহ, জায়নামাজ, মেসওয়াক ও ধর্মীয় বইপুস্তকের।
জায়নামাজ সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা গেছে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ভেতরে। ইসলাম স্টোরের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম জানান, জায়নামাজের ক্ষেত্রে সুতির চাহিদা সবচেয়ে বেশি। দামি জায়নামাজ এই মূহুর্তে খুব বেশি বিক্রি হচ্ছে না। এদিকে সারা বছর আতরের তেমন চাহিদা না থাকলেও রমজান ও ঈদের সময় এটি বিক্রি বেশি হয় বলে জানালেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের আতর বিক্রেতা আতিকুল্লাহ। তিনি বলেন, ক্রেতাদের কথা চিন্তা করে রমজানের সময় দেশি-বিদেশি আতর দোকানে রাখার চেষ্টা করি। সৌদি আরব, ইরান, ইরাক, দুবাই, ভারত ও ফ্রান্সের আতর পাওয়া যাচ্ছে চাহিদা মতো। বেশিরভাগ দোকানে আতর বিক্রি হচ্ছে তোলা হিসাবে। বিভিন্ন ব্র্যান্ডের ভিন্নতার ক্ষেত্রে আতরের দামেও কিছুটা পার্থক্য দেখা গেছে।
সুগন্ধি আতরের মধ্যে জান্নাতুল ফেরদৌস, জেসমিন, রোজ ও দিলরুবা বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৫শ’, রেড রোজের তোলা ১৫০০-১৭০০, এরাবিয়ান বেলি ১২০০-১৪০০, মর্নিং কুইন ১৮০০-২০০০, আসওয়াদ ১১০০-১৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাইলাতি ও মমতাজ ১৩০০-১৫০০, দরবার, এনজেল ও জমজম আতর বিক্রি হচ্ছে ২শ’ থেকে ৫শ’ টাকায়। ভারতের বেলি ৫শ’-৭শ’, ব্লু লেডি, ব্লু ফোরম্যান ৬শ’-৮শ’, কুলম্যান ৮শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেশি আতরের মধ্যে হাসনাহেনা, রজনীগন্ধা, গোলাপ, বেলি ও নাইট ফ্লাওয়ার বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়।
ক্রেতা-বিক্রেতার এ চিত্র শুধু বাইতুল মোকাররমেই নয় বরং রাজধানীর বড় বড় মসজিদ, মাদ্রাসা, মার্কেট, বিপণিবিতান ও শপিংমলগুলোর সামনের ফুটপাতেও বিক্রি হচ্ছে টুপি, জায়নামাজ, আতর, সুরমা ও তসবিহ। এ বেচাকেনা চলবে ঈদের নামাজের আগ মূহুর্ত পর্যন্ত। একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা যায় নবির সুন্নত আতর টুপি ব্যবহার করা তাই ঈদের সব রকমের প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে শেষ সময়ে এসে সেরে নিচ্ছেন এই কেনাকাটা।
