
ফাতেহ ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অংশ করার কোনো মানসিকতাই বাংলাদেশের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
মার্কিন কংগ্রেসম্যান ব্রাড শেরম্যানের মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের যে ৫৪ হাজার বর্গমাইল বা ১ লাখ ৪৭ হাজার বর্গ কিলোমিটার, আমরা তাতেই খুশি।’ রাখাইনকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার মতো কথা বলা অন্যায় কাজ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কথা না বলে বরং মিয়ানমার তার নাগরিকদের যেন ফিরিয়ে নিয়ে যায়, কংগ্রেসম্যান শ্যারনের সেটা করা উচিত। প্রতিটা দেশ তার সার্বভৌমত্ব নিয়ে থাকবে। কোনো দেশের মধ্যে গোলমাল পাকানো ঠিক না।
চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার—সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। দেশের উন্নয়নে যে সহযোগিতা রাখবে, সেটাই সরকার দেখবে।
গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দাম যেটুকু বাড়ানো হয়েছে এটা যদি না বাড়ানো হয়, তাহলে দুটো পথ আছে—হয় আমাদের জিডিপি প্রবৃদ্ধি যাতে না বাড়ে সে ক্ষেত্রে এলএনজি আমদানি কমিয়ে দিয়ে এনার্জি ক্ষেত্র সংকুচিত করে ফেলব। অর্থনৈতিক উন্নতি হবে না। আর সত্যিকার অর্থনীতির উন্নতি চাইলে এটা মেনে নিতেই হবে।’
ভারতে গ্যাসের দাম কমে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী দুই দেশের একটি তুলনামূলক হিসাব তুলে ধরে বলেন, ভারতে গৃহস্থালিতে গ্যাসের দাম স্থানভেদে ৩০ থেকে ৩৭ টাকা প্রতি ঘনমিটার। বাংলাদেশ দিচ্ছে ১২ দশমিক ৬০ টাকায়। শিল্পে দেশে ১০ দশমিক ৭০ টাকায়, ভারতে ৪০ থেকে ৪২ টাকায়। সিএনজি দেশে ৪৩ টাকা এবং ভারতের ৪৪ টাকা। বাণিজ্যিকে ২৩ টাকায় এবং ভারতে ৫৮ থেকে ৬৫ টাকায়। দাম বাড়ানোর পরেও বছরে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীদের বিষয়টি তুলে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিগত কয়েকটি বিসিএসে চাকরিপ্রার্থীদের বয়স অনুযায়ী পাসের ফলাফল তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে ২৩ থেকে ২৫ বয়সের মধ্যে তরুণ-তরুণীদের পাসের হার বেশি এবং ২৯ ঊর্ধ্বদের পাসের হার খুবই কম। এখন আপনার বলেন বয়স ৩৫ বছরে উন্নীত করা উচিত হবে কি হবে না? তাছাড়া বয়স ৩৫ করলে ট্রেনিং শেষ করে চাকরিতে প্রবেশ করতে ৩৭ বছর লেগে যাবে। আবার ২৫ বছর চাকরি না করলে পূর্ণ পেনশন পাওয়া যায় না-এই বিষয়টাও মাথায় রাখতে হবে।
বিভিন্ন টেলিভিশন চ্যানেল এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করে।
আরএইচ/
