
ফয়সাল ফয়জী
ঈদ মানে আনন্দ,উৎসব আর উচ্ছাস। এই আনন্দ-উৎসব উপভোগ করতে মানুষ ছুটে চলে গ্রামের বাড়ি। পাড়ি দেয় দূরদূরান্তের পথ।উদ্দেশ্য কেবল কাছের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। একই ঈদগাহে পাড়ার সকলে নামাজ আদায় করা।নামাজ শেষে কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকোলি করা, থাকে এপাড়ার ঐপাড়ার সেমাই খাওয়ার নিমন্ত্রণ। ঈদে মেয়েদের বাবার বাড়ি যাওয়া, ছেলেদের শশুর বাড়ির দাওয়াত খাওয়া যেন বাঙালীর অনন্য ঐতিহ্য। কিন্তু এগুলো সবই যেন প্রবাসীদের জন্য স্বপ্ন।
প্রবাসীদের ঈদ যেন কেবলই ছুটিরদিন! যেখানে মায়ের হাতের রান্না নেই। বাবার স্নেহ-আদর নেই। মানুষের ভালোবাসা নেই সেখানে ঈদ যেন বাড়তি বেদনা। ঈদ সম্পর্কে জিজ্ঞেস করতেই গদগদ করে চোখেরজল বেরিয়ে আসে প্রবাসীদের।
কাতার প্রবাসী মাহফুজুর রহমানকে ঈদ আনন্দ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, গত ঈদ বাবা-মা, ভাই বোনের সাথে কাটালেও এবার ঈদে তাদের থেকে অনেক দূরে আছি। প্রতি ঈদে মায়ের হাতের সেমাই জর্দা না খেলে ঈদই মনে হতোনা। কিন্তু এবার ঈদে….. কান্নার কারণে মাহফুজ আর কথা বলতে পারেনি।
পাশপাশি ঈদ আসলে পরিবারের জন্য বাড়তি টাকা পাঠাতে হয়। এই জন্য বাড়তি পরিশ্রমও করতে হয়।তাই অনেক প্রবাসী ঈদের দিনেও ডিউটি করেন। পরিবারের মুখে হাঁসি ফোটানোর জন্য নিজ আনন্দকে মাটিচাপা দেন প্রবাসীরা।
