
ফাতেহ ডেস্ক
ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ডুবন্ত একটি নৌকা থেকে অন্তত ৭১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩৭ বাংলাদেশি রয়েছেন বলে মঙ্গলবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড বাহিনী জানিয়েছে। প্রতিবেশী লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাওয়ার সময় অভিবাসনবাহী ওই নৌকাটি ডুবে যায়।
দেশটির ন্যাশনাল গার্ডের মুখপাত্র হোসেম এডিন জেবালি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, উদ্ধারকারীরা উপকূল থেকে ৭১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৩৭ জন রয়েছেন; যারা বাংলাদেশি নাগরিক। এছাড়া ৮ জন মরক্কোর, চারজন সুদানের, সাতজন আলজেরিয়ার, দুজন কানাডার ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছে।
ওই নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমের জুওয়ারা শহর থেকে যাত্রা শুরু করেছিল। তিউনিশিয়ার কারকেন্নাহ দ্বীপের কাছে পৌঁছানোর পর নৌকাটি ফুটো হয়ে যায়। তবে তাদের সবাই নিরাপদ এবং সুস্থ আছেন।
