
ফাতেহ ডেস্ক
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং চলবে ২ আগস্ট পর্যন্ত। । রাজধানীর কমলাপুরসহ ৫ স্থান থেকে একযোগে প্রতিদিন সকাল ৯ থেকে ৪টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
বুধবার ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ে ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হবে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো-দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (১ জোড়া) : ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা : চাঁদপুর ঈদ স্পেশাল (২ জোড়া), চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা, ঈশ্বরদী ঈদ স্পেশাল : ঢাকা-ঈশ্বরদী-ঢাকা, লালমনি ঈদ স্পেশাল: লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট, শোলাকিয়া স্পেশাল-১: ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, শোলাকিয়া স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ- ময়মনসিংহ, পবিত্র ঈদের দিন। ৫ দিন আগে থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহের অফ-ডে থাকবে না।
একজন যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবে না বলে রেলওয়ে সূত্র জানায়।
