কারাগারে খালেদা জিয়ার ঈদ

রাজনৈতিক নেতাদের  কারাগারে ঈদ করা তাদের রাজনৈতিক জীবনেরই অংশ। এরই ধারাবাহিকতায় বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা  জিয়া এবার কারাগারেই ঈদ উদযাপন করছেন।

যদিও এই অভিজ্ঞতা তার নতুন নয়। এক দশক আগে এক-এগারোর সময় রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেফতার হয়ে সংসদ ভবন এলাকার সাব-জেলে রোজার ঈদ ও কোরবানির ঈদ কাটিয়েছিলেন বিএনপি প্রধান।

প্রতি বছরই ঈদুল ফিতরে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। কারান্তরীণ থাকায় এবার একাকিত্ব নিয়েই থাকতে হবে শারীরিকভাবে অসুস্থ এই শীর্ষ রাজনীতিককে।

কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন খালেদা জিয়ার খাবারের তালিকায় থাকছে বিশেষ আয়োজন। এসব খাবার কারাগার থেকেই সরবরাহ করা হবে, যা বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে। কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই রান্না করা হবে খাবারগুলো।

ঈদের সকালে খালেদা জিয়ার নাস্তার মেন্যুতে থাকছে সেমাই, পায়েস ও মুড়ি। আর দুপুরে তার ইচ্ছা অনুযায়ী ভাত বা পোলাও সরবরাহ করা হবে। সাথে থাকবে মাছ, মাংস, ডিম ও আলুর দম। আর রাতে বিএনপি প্রধানের খাবারের তালিকায় থাকবে পোলাও গরু অথবা খাসির মাংস, মিষ্টান্ন, পান-সুপারি এবং কোমল পানীয়।

সূত্র আরো জানায়, ঈদের দিন সকালে পরিবারের সদস্যরা আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারবেন। তাদের আনা খাবারও খেতে পারবেন খালেদা, তবে তা পরীক্ষা-নিরীক্ষার পরই তাকে সরবরাহ করা হবে।

অনেকে মনে করে করেন, বিএনপিকে নির্বাচনে চাপে রাখতেই বেগম জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার। সেই মোতাবেক তাকে আরও দীর্ঘ সময় হয়তো কারাগারে থাকতে হতে পারে।

আগের সংবাদমুসলিম উম্মাহর প্রতি আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঈদের শুভেচ্ছ
পরবর্তি সংবাদবড়কাটারা মাদরাসায় সন্ত্রাসী হামলা, মুফতী সাইফুলসহ আহত ১০