টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের দেয়া হবে ভালো শিক্ষকদের পাঠদান : শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক

‘শিক্ষা টিভি’ নামক নতুন একটি টেলিভিশন চালুর কথা ভাবছে সরকার। এ চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট সময়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে দেশের নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো শিক্ষকদের পাঠদান।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ে ডিসি সম্মেলনে পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হয়।

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তৃতীয় কার্য অধিবেশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে ডিসিরা ভালো শিক্ষকদের অতিথি করে প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর প্রস্তাব তুললে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা টিভি চালু করতে সরকারের চিন্তাভাবনার কথা জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা ডিসিদের বলেছি, টেলিভিশনের মাধ্যমে নামি-দামি স্কুলের ভালো শিক্ষকদের ক্লাস প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে দেখাতে পারি। সেজন্য একটা শিক্ষা টিভিজাতীয় কোনো কিছু চিন্তা করা যায়। সেটি করা গেলে হয়তো যারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক আছেন, তারা অন্যদের শেখানোর পদ্ধতি থেকে উপকৃত হবেন। একই সঙ্গে শিক্ষার্থীও যে যেখানেই থাকুক, একই মানের শিক্ষকদের শিক্ষাদান, পাঠদানে তারা উপকৃত হবে।

শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয় সজাগ দৃষ্টি রাখতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র জনসচেতনতা সৃষ্টি করা, কারিগরি শিক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দূর করে শিক্ষার্থীদের আকৃষ্ট করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়া, জাতীয় পতাকা উত্তোলন করাসহ যত বিষয় শিক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যেখানে ডিসিদের কাজ করার সুযোগ রয়েছে, সেসব বিষয়ে আমরা তাদের নির্দেশনা দিয়েছি। সরকারি চাকরিজীবীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা রাখার প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

আরএইচ/

আগের সংবাদমুতাওয়াসসিতার প্রত্যয়নপত্র ছাড়া ফজিলত কিংবা তাকমীলে ভর্তি হওয়া যাবে না : বেফাক
পরবর্তি সংবাদট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন কংগ্রেসের চার নারী এমপি