
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার আজ্ঞাবহ আফগান সরকারের পুলিশ সদরদপ্তরে হামলা চালিয়েছে তালেবান। হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও প্রায় ৯০ জন। গতকাল বৃহস্পতিবার কান্দাহার প্রদেশের রাজধানী শহর কান্দাহারের পুলিশ সদরদপ্তরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও তালেবান সদস্যরা। খবর আল জাজিরার।
তালিবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদিকে উদ্ধৃত করে আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের পুলিশ সদরদপ্তরে গাড়ি বোমা, বোমা ও বন্দুক হামলা চালানো হয়েছে। ভারি ও হালকা অস্ত্রে সজ্জিত তালেবান যোদ্ধারা সদরদপ্তরের ভেতরে ঢুকে এই হামলা চালিয়েছে।
এদিকে, কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র বাহির আহমাদি এক বিবৃতিতে বলেন, হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন।
ওই মুখপাত্রের দাবি, নিহতদের মধ্যে নয় জন বেসামরিক ও দুই পুলিশ সদস্য রয়েছে। এছাড়া নারী ও শিশুসহ অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন, প্রথমে দুই তালিবান সদস্য আত্মঘাতী বোমা হামলা চালিয়ে বাকি হামলাকারীদের ভেতরে ঢোকার সুযোগ করে দেন। পরে ছয় জন বন্দুকধারী তালিবান সদস্য সদরদপ্তরের ভেতরে ঢুকে হামলা চালান।
কান্দাহারের গভর্নর হায়াতুল্লাহ হায়াত বলেন, হামলা শেষ হয়েছে। পণ্য বহনকারী কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
তাঁর কাছ থেকে আরও জানা যায়, আমেরিকার আজ্ঞাবহ সরকারি বাহিনী যথামাফিক আমেরিকার সাহায্য নিয়ে পুরো এলাকায় অভিযানের নামে হয়রানিমূলক তল্লাশি শুরু করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, কান্দাহার থেকে বিশাল আকারের কালো ধোয়া উড়ছে।
