
ফাতেহ ডেস্ক
রিফাত শরীফ হত্যা মামলায় আয়েশা সিদ্দিকা মিন্নির যদি কিছু হয় তাহলে আত্মহত্যার করার ঘোষণা দিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর। এ সময় তিনি দাবি করেন, মিন্নিকে রিমান্ডে নিয়ে জোর করে জবানবন্দি আদায় করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় কারাগারের মূল গেইটে মিন্নির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মোজাম্মেল হক বলেন, ‘দেশবাসী শুনে রাখেন, আমার মেয়ের কিছু হলে আমি আত্মহত্যা করমু। আমার মেয়েকে চাপ দিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে। মিন্নি নির্দোষ, রিফাত হত্যার পেছনে শুরু হয়েছে নোংরা রাজনীতি। প্রশাসনের লোকেরা শোনেন, আপনারা সঠিক তদন্ত করেন তাহলে রিফাত হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।’
তিনি বলেন, ‘কারাগারে গিয়েছিলাম। মেয়ের দিকে তাকাতে পারছি না। তাকে অনেক নির্যাতন করা হয়েছে। আমি আমার মেয়ের প্রতি অন্যায়ের সুবিচার চাই। সারা দেশের মানুষ দেখেছেন আমার মেয়ে কীভাবে তার স্বামীকে রক্ষার জন্য সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে। একটি প্রভাবশালী মহল আমার মেয়েকে ফাঁসিয়ে খুনিদের আড়াল করতে চাইছে।’
বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সংবাদমাধ্যমকে জানান, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে জোর-জবরদস্তির কিছু নেই। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মিন্নি। এছাড়াও মামলায় আরও কয়েকজন সন্দেহভাজন পুলিশের নজরে রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রিমান্ড চলাকালীন মিন্নিকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। মিন্নি সেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনা যাচ্ছেন একঝাক আইনজীবী। শনিবার (২০ জুলাই) ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি থেকে শতাধিক আইনজীবীর একটি দল বরগুনার উদ্দ্যেশে রওনা দিয়েছেন। রোববার আইনজীবীরা কারাগারে মিন্নির সঙ্গে স্বাক্ষাৎ করে ওকালতনামায় স্বাক্ষর নেবে। এরপরই বরগুনা আদালতে মিন্নির জামিনের বিষয়ে আইনি পদক্ষপ নেবেন তারা।
এ প্রসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্না জানান, ঢাকা থেকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আইনজীবীরা, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি থেকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আইনজীবিরা বরগুনার পথে যাত্রা করেছে।
আগামীকাল রোববার থেকে মিন্নির জামিনের জন্য চেষ্টা চালানো হবে। তিনি বলেন, বরগুনা থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। দেশের সব আইনজীবীদের সহানুভূতির জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার ভূমিকা স্বরণীয় হয়ে থাকবে।
আরএইচ/
