
আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাংকার আটক করেছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হরমুজগান প্রদেশের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। ট্যাংকারটি উপকূলে আনা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মান না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটিকে আটকের অনুরোধ জানায়। তারই প্রেক্ষিতে হরমুজ প্রণালী থেকে ২৩ ক্রু’সহ ট্যাংকারটি আটক করে তারা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই পথে ট্যাংকার আটকের এমন ঘটনায় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট বলেছেন, ‘আমরা এটা খুব স্পষ্ট করে বলছি, যদি খুব দ্রুত এই পরিস্থিতির সমাধান না হয় তাহলে এর মারাত্মক ফল ভোগ করতে হবে। আমরা কোনো সামরিক উপায় খুঁজছি না, আমরা এই পরিস্থিতির উত্তরণে কূটনৈতিক পথের কথা বলছি।’
এর আগে গত ৪ জুলাই যুক্তরাজ্য নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ান আটক করে যুক্তরাজ্যের রয়্যাল নৌবাহিনী। ইতোমধ্যেই জাহাজের সব ক্রুকে মুক্তি দিলেও জাহাজটির বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে জিব্রাল্টার কর্তৃপক্ষ।
