সাতক্ষীরায় গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ফাতেহ ডেস্ক

সাতক্ষীরায় আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাশেমপুর হাজামপাড়া নামকস্থান থেকে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা তার পিছন দিক থেকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিস জানান, নিহত আওয়ামী লীগ নেতার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।

নিহত নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন অভিযোগ করেন, স্থানীয় সাবেক মেম্বর তৌহিদুলের সাথে তার বাবার বিরোধ চলছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত এ পরিবারের উপর ৯ বার সন্ত্রাসী হামলা হয়েছে। সে হামলায় তার ভাই সিরাজুল ইসলাম ও ভাইপো যুবলীগ নেতা রাসেল নিহত হন। নজরুল নিজের নিরাপত্তার জন্য সে সময় তিনি সদর থানায় রাত্রিযাপন করতেন।

আগের সংবাদইহরামের কাপড়ে শাহজালাল রহ. এর মাজারের উরসে দর্শনার্থীরা
পরবর্তি সংবাদওয়াশিংটনে ইমরান খানের ভাষণে বাধ সাধল বালোচ অ্যাক্টিভিস্টরা