ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তার কারণ দেখিয়ে জেরুজালেমের উপকণ্ঠে একটি গ্রামে আজ সোমবার ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও সেনা বাহিনীর কয়েকশ সদস্য৷ খবর বিবিসির।

ইসরায়েলের দাবি, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন-জেরুজালেম সীমান্ত রেখার খুব কাছাকাছি অবৈধভাবে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনিদের দাবি, পশ্চিম তীর পুরোপুরি দখল করতেই এমন অপচেষ্টা চালাচ্ছে ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে তাদের শহর থেকে দূরে সরিয়ে, ওই এলাকা দখল করে নতুন ইসরায়েলি বসতি অভিমুখে রাস্তা তৈরির জন্যই এ অভিযান চালানো হচ্ছে৷

এদিকে ভবন ভাঙার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসরায়েলের এমন কাজ ‘দ্বৈতরাষ্ট্র’ প্রসঙ্গে সমাধানের পথ এবং দীর্ঘমেয়াদি শান্তির আশাবাদকে দুর্বল করছে বলে জানায় ইইউ৷

উল্লেখ্য, কয়েক বছর ধরেই বাড়িগুলো ভাঙার পক্ষে-বিপক্ষে চলছে আইনি লড়াই। বাড়িগুলো না ভাঙার আবেদন খারিজ করে দিয়ে গত জুনে সুর বাহের গ্রামের বাড়িগুলো ভাঙার পক্ষে রায় দেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট৷ নিষেধাজ্ঞা ভঙ্গ করে এসব ভবন গড়ে তোলা হয়েছে বলে রায় দেন আদালত৷

১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধে’ পশ্চিম তীর ও পূর্ব ফিলিস্তিনিদের কিছু অংশ দখল করে ইসরায়েল। এরপর ২০০০ সালের দিকে জেরুজালেমের ইসরায়েলি ও ফিলিস্তিনি বসতির মধ্যে প্রাচীর তুলে দেয় ইসরায়েল।

 

আগের সংবাদআলেমদের মতে কাবিননামার ৫ নম্বর কলাম দরকার নেই
পরবর্তি সংবাদঅবশেষে ভারত মহাকাশে উৎক্ষেপণ করল চন্দ্রযান-২