আলেম-উলামা ও তাবলীগের সাথীরা একসাথে মিলে দীনের কাজ করতে চাই : আহমদ শফী

ফাতেহ ডেস্ক

শাইখুল হাদিস ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ঝগড়া করা তাবলীগের কাজ না। তাবলীগ নিয়ে দিল্লিতে ঝামেলার সূচনা হয়েছে তা আমাদের দেশে না হওয়াই উচিত। আমরা বাংলাদেশের আমজনতা, আলেম-উলামা ও তাবলীগের সাথীরা একসাথে মিলেমিশে দীনের কাজ করতে চাই। দিল্লির নিজামুদ্দীনের বিতর্কিত ব্যক্তি সাদ সাহেবের ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে যেন এদেশে কোনপ্রকার বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে সরকারকে। ‘সা’দ সাহেবের অনুসারী’ এই পরিচয়ে যেন কেউ ব্যক্তিকেন্দ্রিক তাবলীগের কাজ করতে না পারে, ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে এদেশে বিশৃংখলা সৃষ্টি না হয়।

মুন্সীগঞ্জের ইসলামী তৌহিদী জনতা ব্যানারে শুক্রবার দিনব্যাপী জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ দাবি জানান। শাহ আহমদ শফীর উপস্থিতিতেই তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা সাইফুল্লাহ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, আমরা কোন দিন বাতিলের সাথে মিলব না। আলেমদের পিটিয়ে মারা তাবলীগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলীগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম।

বক্তব্য শেষে দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টার দিকে হেলিকপ্টারযোগে সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামেন।

সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ অংশ নেয়।

আগের সংবাদনিরাপত্তা নৈরাজ্য : ফিতনার সময় ইসলাম যা করতে বলে
পরবর্তি সংবাদ‘এমপিপুত্র সুনাম দেবনাথের চাপেই গ্রেপ্তার করা হয়েছে মিন্নিকে’