ধর্মীয় উসকানিমূলক গুজব রটানোর অভিযোগে আটক মাদরাসা শিক্ষক

ফাতেহ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব-১১’র লক্ষ্মীপুর ক্যাম্প। শিক্ষকের নাম মো: দিদারুল ইসলাম। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার দারুল ইসলাম মডেল মাদরাসার সহকারী শিক্ষক ও উত্তর ফকিরপুল গ্রামের শামছুল হকের ছেলে।

এ ঘটনায় সোমবার সকালে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সোমবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১১ । লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা জানান, দীর্ঘ দিন যাবত দিদার হোসেন বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করাসহ ধর্মীয় উসকানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দিদার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা তথ্য প্রকাশ করছে। গোপন সংবাদ পেয়ে র‌্যাব তাকে আটক করে।

আগের সংবাদমিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ
পরবর্তি সংবাদরামুতে তথাকথিত দরবার শরীফ হতে দেব না : এমপি কমল