ডেঙ্গু জ্বরে স্বাস্থ্যমন্ত্রণালয়ের ইউনিট উপপরিচালকের স্ত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন (৪৩) ।

সোমবার (২৯ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ফারজানা হোসেনকে নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো আট জনে।

ঢামেকে ডেঙ্গু রোগে মৃত ৮ জনের ৬ জনই নারী। মৃত অপর সাতজন হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা।

নাসির উদ্দীন আরও জানান, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ঢামেকে ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

উল্লেখ্য, এ বছরের জুলাই মাস পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে মোট ২০১১ জন; যার মধ্যে শুধু জুলাইয়ে ১৮৫৮ জন ভর্তি হয়েছেন। এছাড়াও এ বছরের জানুয়ারিতে তিনজন, (ফেব্রুয়ারি শূন্য) মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে ৮ জন, জুনে ১৩৫ ভর্তি হন। তবে জুলাইয়ের ২৮ দিনে একলাফে এ সংখ্যা ১৮৫৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।

আগের সংবাদআগ্রা হাইওয়েতে বোমা বিস্ফোরণ : ২৩ বছর জেলখেটে নির্দোষ প্রমাণিত ৫ মুসলিম
পরবর্তি সংবাদডেঙ্গু পরীক্ষায় ভুল রিপোর্টের অভিযোগে ইবনে সিনার বিরুদ্ধে মামলা