পশুর হাটে জালনোট যাচাইয়ের বুথ বসাতে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ফাতেহ ডেস্ক

কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধে ব্যাংকগুলোকে নোট যাচাইয়ের সেবা প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা হাট শুরুর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুরহাটে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে। হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ ৬ আগস্টের মধ্যে ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

বুথে নোট যাচাইকালে কোন জালনোট ধরা পড়লে জালনোটঃ ০১(পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে জালনোট শনাক্তকরণ বুথের ব্যানার প্রদর্শন করতে হবে। এছাড়া অন্য জেলাসমূহের পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।

ঈদের পরে ১০ কার্যদিবসের মধ্যে জালনোট প্রতিরোধে ব্যাংকগুলো যেসব কার্যক্রম পরিচালনা করেছে তা প্রতিবেদন আকারে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে এবার দুই সিটি করপোরেশনের ২৩টি পশুর হাট বসতে যাচ্ছে। উত্তরে নয়টি এবং দক্ষিণে ১৪টি। আগামী ৫ ও ৬ আগস্ট প্রস্তুতির সব ধরনের কাজ শেষ হলে ৭ আগস্ট থেকে হাটে পশু ওঠাতে পারবেন ব্যবসায়ীরা।

আগের সংবাদডেঙ্গু জ্বরে এবার পুলিশের এসআই কোহিনুরের মৃত্যু
পরবর্তি সংবাদমিয়ানমারকে কেন সাবমেরিন দিচ্ছে ভারত