মিয়ানমারকে কেন সাবমেরিন দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারকে নিজেদের নৌবাহিনীর বহরে থাকা একটি রাশিয়ান সাবমেরিন হস্তান্তর করতে যাচ্ছে ভারত।

আইএনএস সিধুবীর নামে কিলো ক্লাস সাবমেরিনটি ১৯৮০ সালে রাশিয়া থেকে কিনেছিল ভারত। অন্ধ্রপ্রদেশে বঙ্গোপসাগরের তীরে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের কারখানায় সাবমেরিনটির আধুনিকায়নের কাজ চলছে। সাবমেরিনটির আধুনিকায়ন এবং এতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে এর মূল নির্মাতা রাশিয়া থেকে অনুমতি নেওয়া হয়েছে। মিয়ানমার নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য নিজস্ব প্রযুক্তিতে এটিকে সজ্জিত করা হচ্ছে। খবর ইকোনমিক টাইমস ও এনডিটিভি।

ধারণা করা হচ্ছে, ২০১৯ সাল শেষ হওয়ার আগেই রুশ সাবমেরিনটিকে পুরো আধুনিকায়ন করা হবে এবং মিয়ানমারকে হস্তান্তর করবে ভারত।

সামরিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের ফলাফল হিসেবে এই সাবমেরিন পেতে যাচ্ছে মিয়ানমার। সম্প্রতি দেশটির ডিফেন্স সার্ভিসের কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ভারত সফর করেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, সামরিক অবকাঠামো নির্মাণ সেইসঙ্গে মিয়ানমারকে সামরিক প্রশিক্ষণ প্রদান এবং দেশটির নৌশক্তি বৃদ্ধিতে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

গত চার বছর ধরে পর্যবেক্ষণের পর মিয়ানমারের সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে ভারত। দ্বিপক্ষীয় আলোচনার প্রেক্ষিতে গত ১২ জুলাই মিয়ানমার নৌবাহিনীর কাছে হালকা ওজনের টর্পেডো (টিএএল) ‘শেয়েনা’ সরবরাহ করেছে। মিয়ানমারে টর্পেডো রফতানির জন্য ২০১৭ সালে দেশটির সঙ্গে ৩৭ দশমিক ৯ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল ভারত। ১৬ জুলাই ভারতের সামরিক এবং প্রতিরক্ষা নিউজ ওয়েবসাইট এসব তথ্য নিশ্চিত করে।

উল্লেখ্য, ২০১৭ সালে চীন থেকে দুইটি সাবমেরিন কিনেছে মিয়ানমার প্রতিবেশী বাংলাদেশ। চীন সাবমেরিন বিক্রির জন্য মিয়ানমারের সঙ্গেও আলোচনা চালায়। এই অঞ্চলে সামুদ্রিক মারণাস্ত্র বাণিজ্য এবং সরবরাহের মাধ্যমে শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে চীন। বাংলাদেশকে সাবমেরিন দেওয়ার মধ্য দিয়ে চীনের এমন প্রচেষ্টায় উদ্বিগ্ন ভারত। এ জন্য আঞ্চলিক প্রভাব বিস্তারে মিয়ানমারের সঙ্গে সামরিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে আসতে চায় নয়াদিল্লি। তাই ভারত মিয়ানমারকে এই সাবমেরিন দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদপশুর হাটে জালনোট যাচাইয়ের বুথ বসাতে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
পরবর্তি সংবাদ৩ বছরের ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করল ইসরাইলের সেনাবাহিনী