কুরবানির ঈদে মুসলিমদের উচিত গরু কুরবানি থেকে বিরত থাকা

আন্তর্জাতিক ডেস্ক

হিন্দুরা গরুকে দেবতা হিসেবে মানে। তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি সম্মান জানাতে আসন্ন ঈদুল আজহায় গরু কুরবানি না দিতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলি। টিআরএস তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন কুরবানির ঈদে মুসলিমদের উচিত গরু কুরবানি থেকে বিরত থাকা। কারণ এ দেশের একটা বড় সম্প্রদায় গরুকে দেবতা রূপে পুজো করে। সুতরাং সংখ্যালঘু মুসলমানদের উচিত বড় সম্প্রদায়ের লোকদের ভাবাবেগকেও সম্মান জানানো।

মাহমুদ আলি আরও বলেন, গরু কুরবানি করা নিয়ে যদি কোনও অশান্তি তৈরি হয়, তাহলে আইন নিজের হাতে কাজ করবে। সেক্ষেত্রে মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গত কুরবানির ঈদেও তেলেঙ্গানার একটা অংশে অশান্তি ও অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল। আর তখন নাগরিক নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল পুলিশকে।

রাজ্যে সম্প্রীতির উদাহরণ তুলে ধরতে ঐতিহাসিক চার মিনারের কথা উল্লেখ করে মাহমুদ আলি বলেন, চার মিনার হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ঐতিহাসিক ‘চার মিনার’ এর চারটি পিলার এই চার ধর্মের প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে।

আগের সংবাদআফগানিস্তানে মার্কিন সেনাসংখ্যা কমিয়ে নেবেন ট্রাম্প
পরবর্তি সংবাদগুজবের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ওলামা-মাশায়েখ ও খতিবদের প্রতি ধর্ম প্রতিমন্ত্রীর আহ্বান