
আন্তর্জাতিক ডেস্ক
ডা. জাকির নায়েককে ‘কট্টর’ বলে সম্বোধন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির প্রধানমন্ত্রীর গলায় এখন ভিন্ন সুর, ভিন্ন বক্তব্য।
তুরস্কের আন্তর্জাতিক নিউজ চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে ৯৪ বছর বয়সী মাহাথির বলেন, ‘জাকিরের কট্টর মতবাদ আমার দেশের জন্য হুমকি। আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের, ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না, ধর্ম সম্পর্কে যার কট্টর চিন্তাভাবনা রয়েছে। তাকে আবার অন্য কোথাও পাঠানো কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না।’
অথচ গত জুনে দ্য স্টার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেছিলেন ভিন্ন কথা। তিনি বলেছিলেন, ভারতে সুবিচার পাবেন বলে মনে করেন না জাকির। তাই তার আশঙ্কাকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া।
উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ার কাছে ডা. জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে ভারত। মালয়েশিয়ার সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি থাকলেও গত বছরের জুলাইয়ে মাহাথির বলেছিলেন, যতদিন বিতর্কিত ওই ইসলামি চিন্তাবিদ মালয়েশিয়ায় কোনও সমস্যা সৃষ্টি না করছেন, ততদিন তাকে ফেরত পাঠানোর কোনও চিন্তা তাদের নেই। জাকিরকে ফেরত পাঠানোর আগে এ সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চান বলেও জানিয়েছিলেন তিনি।
এ বছর মে মাসে ভারতের আর্থিক অনিয়ম বিষয়ক পর্যবেক্ষক দফতর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ১৯৩ কোটি রুপি মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ৫৩ বছর বয়সী ডা. জাকির নায়েক ভারতের আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন। ডা. জাকির নায়েক বলেছেন, ভারত সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে তার বিরুদ্ধে রেড এলার্ট জারির অনুরোধ করলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। এখান থেকেই বোঝা যায়, আমার বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ কতোটা দুর্বল।’
২৮ জুলাই মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দীন আব্দুল্লাহ বলেছিলেন, অর্থ আত্মসাতের মামলায় বিচারের মুখোমুখি করতে ভারতের প্রত্যার্পণের চিঠি পাওয়া সত্ত্বেও তাকে ফেরত পাঠাবে না মালয়েশিয়া।
