প্রধানমন্ত্রীর ক্যান্সার হয়েছে–এমন গুজব ছড়ানোর দায়ে মাদারীপুরে যুবক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এবং তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন’- আইএমজি মিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে এ ধরনের একটি ভিডিও আপলোড করার দায়ে মো. মিল্টন হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। র‌্যাব সূত্র জানায়, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ, বিভ্রান্তি ও অপপ্রচার করার অপরাধে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজৈর থানাধীন লুন্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দু’টি সিম কার্ড জব্দ করা হয়। আটক আসামী একই এলাকার ফারুক হাওলাদারের ছেলে।

জানা গেছে, মাদারীপুর র‌্যাব-৮ সিপিসি-৩ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

পরে ওই যুবক জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের সামনে তার অপরাধের কথা স্বীকার করে। আটক মিল্টনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আগের সংবাদইয়েমেনে হুথিদের আত্মঘাতী হামলা, নিহত ৪০
পরবর্তি সংবাদজুমার খুতবায় ডেঙ্গু, গুজব ও বন্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখার অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর