প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করল বিজেপি

ফাতেহ ডেস্ক

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে বিজেপি। গতকাল বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্বে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

কলকাতার পার্ক সার্কাসের বঙ্গবন্ধু সরণিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ওই বিক্ষোভে শতাধিক বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। তাদের দাবি, বাংলাদেশের হিন্দুকন্যা প্রিয়া সাহা বিপদের মুখে দেশ ছেড়েছেন। কর্মসূচি থেকে স্মারকলিপি দেয়ারও পরিকল্পনা ছিল । কিন্তু তার আগেই বিজেপি নেতা এবং উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়সহ ৩২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।

বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই পুলিশ বাহিনী দূতাবাসে বিশেষ নিরাপত্তা দিয়েছিল।

কলকাতার স্থানীয় এক গণমাধ্যম জানায়, সম্প্রতি মোদি সরকারের মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি দল ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল করেছিল। ওই সমাবেশ থেকে প্রিয়া সাহাকে অপমান করা হয়েছে। তাই বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে তার পাল্টা কার্যক্রম বলেই ধারণা করা হচ্ছে।

যদিও রাজ্য বিজেপি এটিকে পাল্টা কার্যক্রম মানতে নারাজ। তাদের দাবি, প্রিয়া সাহা নামের এক হিন্দু নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থার কথা তুলে ধরেছেন। সে কারণেই বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাইছেন তারা।

উল্লেখ্য, ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার বিষয়ে তার কার্যালয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সেখানে প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই। এখনো সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং জমিজমাও দখল করেছে। কিন্তু এর কোনো বিচার হয়নি।’

কারা জমি ও ঘরবাড়ি দখল করেছে- তা ট্রাম্প জানতে চাইলে প্রিয়া সাহা বলেন, ‘সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এসব করেছে।’

আগের সংবাদশায়খুল হাদিস মুকাদ্দাস আলী : টানা ৬৩ বছর ধরে যে মনীষী সহিহ বুখারির দরস দিচ্ছেন
পরবর্তি সংবাদ১১ আগস্ট সৌদি আরবে ঈদুল আজহা