
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে। দেশটিতে এবারের ঈদুল আজহা ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। খবর আরব নিউজ।
সৌদির জনপ্রিয় সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, এবার মুসলমানদের পবিত্র হজ ৯ আগস্ট শুক্রবার শুরু হবে। পরদিন শনিবার হাজীরা লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দানে সমবেত হবেন। আর দেশটিতে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় তথ্যের বরাত দিয়ে আরব নিউজ আরও জানায়, সৌদিতে প্রায় সাড়ে ১২ লাখ হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী রয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়ার।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট, প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর হওয়ার শিডিউল রয়েছে।
