
ফাতেহ ডেস্ক
রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের ৫৯ আলেম। হজযাত্রীদের ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে যে ৫৯ আলেম রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন, শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের সম্মানে রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করেছেন। এ সময় আলেমগণ রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিও আলেমদের থেকে বিদায় ও দোয়া নিবেন।,
রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নিতে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ৫৯ আলেম শনিবার বিকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন।
রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা মাশায়েখদের এ বছরই প্রথম হজে পাঠানো হচ্ছে। এর আগে বাংলাদেশে আলেমদের কখনও সরকারিভাবে হজে পাঠানো হয়নি। সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের হজপালন বিষয়ে ধর্মীয় পরামর্শ দেয়ার জন্য ৯ জুলাই ৫৫ জন আলেমের একটি দল গঠন করে ধর্ম মন্ত্রণালয়। এবার সেই দলে আরও চার আলেমকে যুক্ত করা হয়েছে। সে হিসেবে এখন ওই দলের সদস্য সংখ্যা ৫৯।
তালিকায় যোগ হওয়া ওই চারজন হলেন- হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর ছেলে হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ (মুহাদ্দিস, মাদ্রাসাতুল আবরার, মাতুয়াইল, ঢাকা), বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দসের ছেলে মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল হাসান যোবায়ের (শিক্ষক, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকা), মাওলানা সাজিদুর রহমান (মুহতামিম, দারুল আরকাম মাদ্রাসা, বি.বাড়িয়া) ও মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফী (মুহতামিম, বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসা,কোম্পানীগঞ্জ, নোয়াখালী)।
ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরব যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন। এটি রাষ্ট্রীয় খরচে হজ সফর হিসেবে গণ্য হবে। তাদের ভ্রমণ ব্যয় এ বছর ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের বাহিরে হজ বাবদ ব্যয়’ খাতে বরাদ্দ রাখা অর্থ থেকে বহন করা হবে।
তালিকায় থাকা কয়েক আলেমের সঙ্গে তাদের ছেলেরাও সৌদি আরব যাবেন। শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে তার ছেলে মাওলানা সদরুদ্দীন মাকনুন, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীনের সঙ্গে ছেলে মাওলানা ওসামা আমিন, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল হালিম বোখারির সঙ্গে তার ছেলে মাওলানা রেজাউল করিম সরকারি খরচে হজ করবেন।
