
আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকো সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পরপরই ওহাইওর ডেটনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু লোক। টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে এ হামলার ঘটনা ঘটলো। রবিবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
ওহাইও পুলিশের দেওয়া তথ্যের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, রবিবার (৪ আগস্ট) স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে আচমকা হামলাটি ঘটে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ। তবে তাকে আটক করা হয়েছে নাকি পুলিশের গুলিতে সেও নিহত হয়েছে, তা এখনও জানা যায়নি।
তবে আহতদের চিকিৎসার জন্য ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে। পূর্বপরিকল্পিত এ হামলার পেছনে একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো নিশ্চিতভাবে কোনো তথ্যই প্রকাশ করা হচ্ছে না।
এর আগে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৬ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
