
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনায় প্রধানমন্ত্রী ইমরান খানের নিস্তেজ নিরুত্তাপ কর্মকাণ্ডের কঠিন সমালোচনা করেছেন পাকিস্তানের ইসলামপন্থি দলগুলোর জোট মজলিসে মুত্তাহিদা আমলের প্রধান ও জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান।
মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কঠিন সব কথা বলেন তিনি।
পাকিস্তানের কাশ্মীর কমিটির সাবেক এই সভাপতি বলেন, ইমরান খান কাশ্মীরকে ট্রাম্পের কাছে বিক্রি করে এসেছেন এবং নিজেও যুক্তরাষ্ট্র থেকে খালি হাতে এসেছেন। আত্মসমর্পণ করা ইমরান খানের বংশীয় স্বভাব বলেও মন্তব্য করেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
কাশ্মীর ইস্যুটি এখন আন্তর্জাতিক ফোরাম থেকে বেরিয়ে গেছে মন্তব্য করে পাকিস্তানের প্রভাবশালী এ রাজনীতিবীদ বলেন, মোদি সরকার যা করেছে তা আকস্মিক কিছু নয়। নির্বাচনের সময়ই নরেন্দ্র মোদি কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলের কথা বলেছিলেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেও তারা বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছিল। এখন ভারত একতরফাভাবে কাশ্মীরকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। অথচ আমাদের সরকার এখনও বসে বসে তামাশা দেখছে।
সরকারের সমালোচনা করে পাকিস্তানের কাশ্মীর কমিটির সাবেক সভাপতি আরও বলেন, কাশ্মীর বিষয়ে সরকার এখনও কোনো পলিসি নির্ধারণ করেনি। সেনা কমান্ডারদের বৈঠকেও কাশ্মীর নিয়ে কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়েছে, অথচ সরকার এখনও স্পষ্ট পদক্ষেপ নিচ্ছে না। অনির্বাচিত প্রধানমন্ত্রীও কাশ্মীর ইস্যুতে চুপ রয়েছেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই সংকটকালীন এ মুহূর্তে জনগণ এ সরকারের ওপর ভরসাও রাখতে পারছে না। আমি পাকিস্তানবাসীর কাছে আবেদন করব, আসুন আমরা এক হই। আজাদীর এ লড়াইয়ে আমাদের কাশ্মীরিদের সহায়তা করতে হবে।
কাশ্মীরি জনগণকে আমাদের আশ্বস্ত করতে হবে যে, আমরা এ সময় তাদের সঙ্গে রয়েছি।
