
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীর ও লাদাখের ব্যাপারে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চীন। অধিকৃত কাশ্মীর প্রশ্নে নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তকে একতরফা ব্যবস্থা অভিহিত করে এর নিন্দা জানিয়েছে বেইজিং। সেই সঙ্গে লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে পুনর্গঠনের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে।
‘জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯’ নামে এ বিলের উপত্যকাকে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখ হবে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল। সোমবার এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও মঙ্গলবার দুটি আলাদা বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘সীমান্ত ইস্যুতে কথা বলা ও কর্মকাণ্ড ঠিক করার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানাই আমরা। দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল তা মেনে চলার জন্য এবং সীমান্ত ইস্যুগুলো আরও জটিল করে তুলবে এমন পদক্ষেপ থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি। বিরোধপূর্ণ এলাকা লাদাখের নিয়ন্ত্রণ বেইজিংয়ের হাতে হলেও ভারত বরাবরই একে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে।
তবে চীনের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। চীন ও ভারতের মধ্যকার বিরোধপূর্ণ এলাকা লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার প্রস্তাবটি ভারতের ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে উল্লেখ করেছে।
