জইশ-ই মোহাম্মদের বড় ধরণের হামলার আশঙ্কায় ভারত, প্রধান বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরে ভারতবিরোধী আগ্রাসনের মোকাবেলাকারী সশস্ত্র সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভারতে বড় ধরণের হামলা চালানোর পরিকল্পনা করছে বলে দেশটির গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছে। ফলে আজ কলকাতাসহ ভারতের ১৯টি প্রধান বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

ভারতের স্বাধীনতা দিবসের আগে সশস্ত্র হামলার আশঙ্কায় প্রতি বছর এমনিতেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়ে থাকে। তার ওপর এবার ঠিক এই সময়ে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের অনৈতিক সিদ্ধান্তের বদলা নিতে ভারতবিরোধী সশস্ত্র সংগঠনগুলো তৎপর হয়ে উঠবে ধারণা করা হয়েছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট বলেই দিয়েছেন, দিল্লির ওই ঘোষণায় ভারতবিরোধী সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা বাড়বে।

ভারতের গোয়েন্দা সূত্রের খবর, স্বাধীন কাশ্মীরের পক্ষে ভারতের বিভিন্ন সময় ভারতের মোকাবেলাকারী সংগঠন জইশ-ই-মুহাম্মদ শিগগিরই ভারতে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরপরই জইশ প্রধান মাসুদ আজহারকে পাকিস্তান কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। জইশের লক্ষ্য আবার মুম্বাইয়ে হানা দেয়া, তবে একযোগে অনেক জায়গায় তাদের হামলার পরিকল্পনাও রয়েছে। এজন্য কেন্দ্র আজ কলকাতাসহ ভারতের ১৯টি প্রধান বিমানবন্দরে চরম সতর্কতা জারি করেছে।

এদিকে, আজই পাকিস্তানি রেলকর্মীরা দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস ট্রেন নিয়ে ভারতে ঢুকতে অস্বীকার করেছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

আগের সংবাদলাইনচ্যুত খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের বগি
পরবর্তি সংবাদকড়া সেনা-বেষ্টনীতে জুমার নামাজ আদায় করার সুযোগ পেলেন কাশ্মীরিরা