কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের শাহরে দুবাই হোটেলে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল এবং পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি।

কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য নিহতের সংখ্যা অর্ধশত বলে দাবি করছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ারও খবর দিচ্ছে কর্তৃপক্ষ।

আগের সংবাদঢাকায় পৌঁছলো প্রথম ফিরতি হজ ফ্লাইট
পরবর্তি সংবাদভারত ভাঙনের সভাপতি হিসেবে নন্দিত হবেন নরেন্দ্র মোদি : সলিমুল্লাহ খান