চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

ফাতেহ ডেস্ক

মা-বাবাকে পিটিয়ে আহত করে ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ঘর থেকে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করেছে একদল বখাটে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা আবাসিক এলাকায় একটি আমবাগানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ওই পাষণ্ডরা।

এ ঘটনায় রোববার দুপুরে লাল্টু ওরফে মন্টু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লাল্টু উপজেলার একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

আলমডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নতিডাঙ্গা আবাসিক এলাকার লাল্টু ওরফে মন্টু, মধু ওরফে শরিফুল এবং রাজু প্রতিবেশী ওই মাদরাসাছাত্রীর বাড়িতে ঢুকে তার বাবা-মাকে পিটিয়ে আহত করে। পরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী আমবাগানে গণধর্ষণ করে ফেলে রেখে চলে যায় তারা। এরপর এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় রোববার সকালে ওই ছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় লাল্টু ওরফে মন্টুসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এরপর অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে মামলার প্রধান আসামি লাল্টু ওরফে মন্টুকে গ্রেফতার করে পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা চলছে। প্রধান আসামি লাল্টুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আগের সংবাদহজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু : প্রথমদিনে ফিরলেন ১৯৪২ জন
পরবর্তি সংবাদআজ রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর