আজ রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ফাতেহ ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন। এ বছরের মে মাসে ভারতের ৩৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এটি মূলত শুভেচ্ছা সফর হলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় তিস্তার পানিবণ্টন চুক্তির মতো অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, সীমান্ত হত্যাসহ নানা প্রসঙ্গ উঠতে পারে।

বাংলাদেশে আসার এক সপ্তাহ আগে চীন ঘুরে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এমন এক সময়ে ঢাকায় আসছেন, যখন চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নতুন করে সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ও মিয়ানমার। এস জয়শঙ্কর ঢাকা ছাড়ার পরদিন অর্থাৎ ২২ আগষ্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে রাজি হয়েছে দুই দেশ। খুব স্বাভাবিকভাবেই রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতার বিষয়টিও তাঁর ঢাকা সফরের সময় আলোচনায় আসতে পারে বলে বাংলাদেশের কর্মকর্তারা আভাস দিয়েছেন।

খসড়া সফরসূচি অনুযায়ী, জয়শঙ্কর আগামীকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন আব্দুল মোমেন। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

এস জয়শঙ্কর তিন দিনের সফরে শেষে বুধবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

 

আগের সংবাদচুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
পরবর্তি সংবাদপদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন যে ২০ পুলিশ সুপার