শ্রীনগরে আজ খুলছে ১৯০টি প্রাইমারি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আজ সোমবার প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল খুলে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হচ্ছে। গতকাল রোববার এই ঘোষণা দিয়েছিলেন কাশ্মীরের মুখ্যসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসল।

গতকাল এক সংবাদ সম্মেলনে রোহিত কানসাল বলেন, ‘আমরা শ্রীনগরের প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল পুনরায় চালু করার পরিকল্পনা করেছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে।’

তিনি বলেন, শনিবার কাশ্মীরের ৩৫টি পুলিশ স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়। রোববার ৫০টি স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিল করার পর এখনো কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান কাশ্মীরের মুখ্যসচিব।

রোহিত কানসাল আরও বলেন, কাশ্মীর উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চাল করতে পুরোদমে কাজ করে চলেছে বিএসএনএল।

এদিকে রোববার জম্মুতে ফের বন্ধ করে দেওয়া হয় মোবাইলের ২জি পরিষেবা। চালু করা হয় বিধিনিষেধ। প্রশাসনের দাবি, ফোন চালু হতেই জম্মুর বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে থাকে। ভুয়ো খবরে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একথা মাথায় রেখেই বন্ধ করে দেওয়া হয় ২জি পরিষেবা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তবে তার আগে থেকেই সেখানে কারফিউ জারি করা হয় এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

আগের সংবাদচলে গেলেন কানাইঘাটের প্রবীণ আলেম মাওলানা ওলীউর রহমান দুর্লভপুরী
পরবর্তি সংবাদআরও তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যু