কাশ্মীরিদের ওপর চলমান নিপীড়নকে থোড়াই কেয়ার করে মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের মুসলমানদের ওপর যে মুহূর্তে ইতিহাসের নিষ্ঠুরতম জুলুম চালাচ্ছে ভারতের মোদি সরকার, ঠিক সেই সময়টাতে মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত নিজেদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ প্রদান করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চলতি মাসেই দেওয়া হবে এ সম্মাননা। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ আগস্ট আমিরাত সফরে যাবেন মোদি। তখনই তাকে সর্বোচ্চ এ সম্মান দেবে আমিরাত কর্তৃপক্ষ।

এর আগে এ বছর এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ঘোষণা করেন, তার ‘প্রিয় বন্ধু’ মোদিকে এই সম্মান দেওয়া হবে। আবুধাবির যুবরাজ টুইট করে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। আমার প্রিয় বন্ধু মোদি সেই যোগাযোগ দৃঢ়তর করে তুলেছেন। এই অবদানের স্বীকৃতি হিসাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাকে জায়েদ পদক প্রদান করবেন।’

তবে, তখন এই পুরস্কার প্রদানের সময় বা তারিখ জানানো হয়নি। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়।

এর আগে এই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইরিট্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকি। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

আগের সংবাদবাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদকাশ্মীরে রাতের বেলা বাড়িতে বাড়িতে ভারতীয় বাহিনীর হানা, গ্রেপ্তার করা হচ্ছে তরুণ-যুবকদেরকে