
আন্তর্জাতিক ডেস্ক
আগামি ৩১ আগস্ট চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের পর যদি কারো নাম ভুলভাবে অন্তর্ভুক্ত হয়, তাহলে সেটা মোকাবেলা করার জন্য সরকার কিছু আইনসম্মত বিকল্প হাতে নেওয়ার চিন্তাভাবনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এমন ইঙ্গিত দিলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সনোয়াল বলেন, ‘গণতন্ত্রে প্রত্যেকেরই প্রশ্ন জিজ্ঞেস করার অধিকার রয়েছে। এনআরসি প্রকাশের পরে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তবে আইনগতভাবে আমরা যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা নেব।’
সনোয়াল আরও বলেন যে, ২০১৮ সালে এনআরসি-র সম্পুর্ণ খসড়া তালিকা প্রকাশ হওয়ার মুহূর্তে অসমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল রাজ্যসরকার। কিন্তু অসমের জনগণের সহযোগিতায় সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারও কেন্দ্রীয় সরকারের সক্রিয় সমর্থন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে এনআরসি’র চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, এনআরসি-র সম্পূর্ণ খসড়া থেকে ৪০ লক্ষ লোকের নাম বাদ পড়েছিল। তাদের পুনরাবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুনরাবেদনের শুনানী প্রায় শেষ হয়ে গেছে৷ আগামি ৩১ আগস্ট চুড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলছে জোর গতিতে।
