
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গা তরুণীকে বিয়ে করতে রাজি না হওয়ায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থীশিবিরে রহিম উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে শরণার্থীশিবিরের এক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রহিম উল্লাহ কুতুপালং শিবিরের ডি ব্লকের বাসিন্দা আবদুস ছালামের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানিয়েছেন , শহিদুল্লাহর ছোট বোনের সঙ্গে রহিম উল্লাহর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ে করতে অসম্মতি জানানোয় রহিম উল্লাহকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে দুই নম্বর স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম উল্লাহ। এ সময় একই শিবিরের বাসিন্দা শহিদুল্লাহর নেতৃত্বে কয়েকজন যুবক হঠাৎ করে তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় রোহিঙ্গারা গুরুতর আহত রহিম উল্লাহকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টায় তাঁর মৃত্যু হয়।
নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শহিদুল্লাহসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
