
ফাতেহ ডেস্ক
শাশুড়ির সঙ্গে বিবাদের জেরে শরীরে আগুন দিয়ে ববি খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
জানা গেছে, ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের বেলাল হোসেন পেশায় কাঠমিস্ত্রি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করার সময় তার সঙ্গে ববি খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আট বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে দুটি সন্তান রয়েছে।
গত শুক্রবার দুপুরে ববি আত্মহত্যার জন্য গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে স্বামী বেলাল হোসেন জানান, তাদের দাম্পত্য জীবন খুব সুখের ছিল। কি কারণে ববি আত্মহত্যা করেছে সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে সুসম্পর্ক থাকলেও শাশুড়ির সঙ্গে মতবিরোধ ছিল।
শাশুড়ির সঙ্গে ঝগড়া করেই ববি আত্মহত্যা করতে গায়ে আগুন দিয়েছিলেন বলে জানান স্থানীয়রা।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, গৃহবধূ ববির আত্মহত্যার কারণ জানা নেই। দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। পরবর্তীকালে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে।
