
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীর সীমান্তে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলি। এবার গোলাগুলির ঘটনায় আজাদ কাশ্মীরে দু’জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ অবস্থায় জম্মু-কাশ্মীরের পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দারাও।
জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবারও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফারাবাদে বিক্ষোভ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ভারতের বিজেপি সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর মধ্যেই ফের অস্ত্র বিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির দাবি, ইসলামাবাদ আগে হামলা চালালে তারাও পাল্টা জবাব দিয়েছে। আর পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনীর হামলায় আজাদ কাশ্মীরে বেশ কয়েকজন হতাহত হন।
এ অবস্থায় ফের ভারতের সঙ্গে আকাশ পথ পুরোপুরি বন্ধের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন বলেন, আফগানিস্তানে ভারতের বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের মাটি ব্যবহার বন্ধের ব্যবস্থাও করতে যাচ্ছে ইসলামাবাদ।
