ল্যাপটপ চুরি করতে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রকে মাটিতে পুঁতে রাখার অভিযোগ

ফাতেহ ডেস্ক

মাদ্রাসার অধ্যক্ষের ল্যাপটপ চুরি করতে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রকে মারধর করে মৃত ভেবে অর্ধেক শরীর মাটিতে পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় এ ঘটনা ঘটে। ভিকটিম গুঠিয়া দোসতীনা সিনিয়র ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মাহফুজ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাহফুজ মাদ্রাসা সংলগ্ন এলাকার সাইদুর রহমানের ছেলে।

মাহফুজের চাচা হাফেজ হাবিবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে ওই এলাকার মজিবুর রহমানের ছেলে ভুলু মাদ্রাসার অধ্যক্ষের ব্যবহৃত ল্যাপটপ চুরির জন্য মাহফুজকে চাপ দেয়। মাহফুজ রাজি না হওয়ায় তাকে অর্থের প্রলোভন দেখায় মজিবুর। কিন্তু মাহফুজ রাজি না হয়ে উল্টো বিষয়টি অধ্যক্ষকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ভুলু তার অন্যান্য সহযোগীদের নিয়ে সহায়তায় মাহফুজকে অপহরণ করে মাদ্রাসা সংলগ্ন বাগানে নিয়ে বেদম মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে মৃত ভেবে মাহাফুজের অর্ধেক শরীর মাটিতে পুতে সটকে পড়ে তারা।

রাতে মাহফুজের খোঁজ পড়লে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে ওই বাগান থেকে মাহফুজকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার কথা বলেন মাহফুজের চাচা হাবিবুর রহমান।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল বলেন, খবর পেয়ে বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহফুজের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

আগের সংবাদবন্ধুর সোশাল মিডিয়া পোস্ট কাল হলো ফিলিস্তিনি তরুণের, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাবার ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদঢাকার বাইরে ডেঙ্গু ছড়াচ্ছে এডিস মশার যে প্রজাতিটি